- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালী-চান্দগাঁও আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পিবার (২৭ এপ্রিল) এ আসনে ভোটের তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক এ সংস্থাটি। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৫তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ে নির্বাচন

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা যান

আরও পড়ুন  রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন

এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। একাদশ সংসদেই এই আসনটি আরও একবার শূন্য হয়েছিল। ফলে বোয়ালখালী-চান্দগাঁও এলাকার ভোটাররা একাদশ সংসদেই তৃতীয়বারের মতো জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুন  চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত