- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ব্রাজিলে কিন্ডারগার্টেনে যুবকের হামলায় ৪ শিশু নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ব্লুমেনাউ শহরে একটি কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা চালিয়ে অন্তত ৪ শিশুকে হত্যা করেছে এক যুবক। এতে আহত হয় আরও চার শিশু। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ২৫ বছর বয়সী ওই যুবক ক্যান্টিনহো বুম পাস্তুর কিন্ডারগার্টেনে এ হামলা চালান। হামলার পর ওই যুবক আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন  দুর্গাপূজায় তিন হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে

ব্রাজিলের সামরিক পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারী যুবক তাদের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

দমকলকর্মীরা জানিয়েছেন, ওই যুবক কিন্ডারগার্টেনের খেলার মাঠে হামলা চালালে তিন ছেলে ও এক মেয়ে শিশু নিহত হয়। তাদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় ক্যান্টিনহো বুম পাস্তুর নার্সারিতে প্রায় ৪০ জন শিশু ছিল।

আরও পড়ুন  বেনজীরের দেশ ত্যাগে সহায়তা করা সেই নারীসহ ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

দমকলকর্মীরা আরও জানান, হামলাকারী যুবক প্রাচীর টপকে ব্যক্তিমালিকানায় পরিচালিত ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং শিশুদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

সংবাদমাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা কিন্ডারগার্টেনে ছুটে যান। ঘটনার পর শহর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত  ব্লুমেনাউ নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন।

আরও পড়ুন  ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের নতুন মানচিত্রে যুক্ত করলো চীন

তবে এ রাজ্যের কিন্ডারগার্টেনে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ১৮ বছর বয়সি এক যুবক সাউদাদেস পৌরসভায় একটি নার্সারিতে হামলা চালিয়ে  দুই কর্মী এবং তিন শিশুকে হত্যা করেছিলেন।

সূত্র- বিবিসি