ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে সাবেক ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলায় দু’পক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে তাকে হত্যা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম (৩৭) শহরের কান্দিপাড়া মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক কর্মী। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান, রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ, বাবুল ও পলাশ। তাদের সাথেই তার চলাফেরা ছিল। পরে খালপাড় মসজিদের কাছে তার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, তার ছেলের গলা কাটা হয়েছে এবং বুকে গুলি করা হয়েছে। সাদ্দাম বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। রাতের ঘটনায় আহত দু’জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।














