ভারত থেকে নিয়ে আসা ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৬ এপ্রিল) সকালে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক চোরাকারবারির নাম মোঃ ইছাহাক (৪২)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কাকডাংগা বিওপি‘র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ০৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদকদ্রব্যসহ মোঃ ইছাহাককে আটক করে।
জানা যায় যে, তরল এলএসডি অত্যন্ত দামী একটি মাদক যা সাম্প্রতিক কালে বাংলাদেশে চালু হয়েছে। দেশের বিভিন্ন বিত্তশালী এলাকায় বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এর ব্যাপক চাহিদা রয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মামলা করা হয়েছে।