- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ভারতে ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে ভারত।

আরও পড়ুন  বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে সিইসি'র চিঠি

বলা হয়েছে, ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে ৩ দিন বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্ট বন্ধ থাকছে। এ সময়ে কোন পাসপোর্টধারী যাত্রী দু’দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। এছাড়া বাংলাদেশে সরকারি ছুটির কারণে দু’দেশের মধ্যে ১৭ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকছে।

ভারতে নির্বাচনের কারণে এই প্রথমবার ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রী সাধারণ নিষেধাজ্ঞার বাইরে থাকছেন।

আরও পড়ুন  অবশেষে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আ.লীগ

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতে লোকসভা নির্বাচনের কারণে পেট্রাপোল বন্দর ৩ দিন বন্ধ থাকবে বলে পেট্রাপোল কাস্টমস থেকে একটি নির্দেশনা পেয়েছি।