বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে বাঙলা কলেজ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি নিয়ে বাঙলা কলেজের সামনে আসতেই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এ ঘটনার পরও বিএনপির পদযাত্রা থামেনি। সংঘর্ষ উপেক্ষা করে পদযাত্রাটি সামনে এগিয়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
তিনি বলেন, দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।














