যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন।
শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি শপিংমলের বাইরে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে।
রবিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।
অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।














