বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে।
তিনি আরও বলেন, রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক।
শুক্রবার (২৫ অক্টোবর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক।
৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।














