ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বৈশ্বিক বাজারে বিক্রি ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় জ্বালানি সরবরাহ সচল রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১২ মার্চের মধ্যে যেসব রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে তোলা হয়েছে, সেগুলো ১১ এপ্রিল পর্যন্ত কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা যাবে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকসহ উপসাগরীয় দেশগুলো এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি করে থাকে।