- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি, যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, বিষয়টিকে বড় পরিসরে বলতে চাই। সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার (৬ নভেম্বর) এক সমাবেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তার এ বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন তিনি।

আরও পড়ুন  নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনতে দরপত্র আহ্বান

এই বক্তব্য প্রসঙ্গে বেদান্ত প্যাটেল এসব কথা বলেন।

তিনি মনে করেন, এ ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন, যে কোন স্বাগতিক দেশের সরকার যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

সাংবাদিকদের ক্ষমতাসীন দলের ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা এবং বিরোধীদের গ্রেপ্তার নিয়ে করা প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল জানান, তিনি বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলবেন না। তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা-আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সেজন্য তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন  ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ