- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে আরসা সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। দুই গ্রুপের এলোপাতাড়ি গুলিতে এ সময় তিন রোহিঙ্গা আহত হয়েছেন। তবে নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রবিবার (৭ মার্চ) ভোররাতে উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি/১ এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরও পড়ুন  স্ত্রী-সন্তান হারিয়ে নিঃস্ব ওমান প্রবাসী নারায়ণ, নিজ হাতেই করবেন সৎকার

জানা যায়, ভোররাতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর জি/১ ব্লকে বসবাসকারী আরসা বিরোধী সাধারণ রোহিঙ্গাদের ওপর আরসা কমান্ডার হাফেজ জোবায়ের ও নুরুল হকের নেতৃত্বে ২০/২৫ জন আরসা সদস্য অতর্কিত হামলা চালায়। এসময় বসবাসরত সাধারণ রোহিঙ্গারা আরসা সদস্যদের চতুর্দিকে ঘিরে ফেলে এবং অজ্ঞাত একজন আরসা সদস্যকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন  উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এসময় আরসা সদস্যদের গুলিতে উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের ব্লক-জি/১ হোসেন আহমদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মো. রফিক (২৫)ও তার ভাই জুবায়ের (১৮) আহত হন। তাদের নিকটস্থ ব্র্যাক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম কারাগারে বন্দী আর স্বজনদের সাক্ষাতে ইন্টারকম সুবিধা চালু