- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

শিবগঞ্জের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির সহায়তায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত সাদিক গরু ব্যবসায়ী ছিলেন। সাদিকুর রহমান সাধু শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের প্রয়াত তৈয়মুর রহমানের ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ মরদেহ উদ্ধার

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম জানান, ভোরে কৃষকরা ক্ষেতে কাজে যাওয়ার সময় একজনের লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, উপরচাকপাড়া গ্রামের সাদিকুর রাতে ভারতে চোরাচালান করতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। পালিয়ে আসার পথে তার মৃত্যু হলে সঙ্গীরা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে আসেন।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটক ভ্রমণে ফের কেএনএফ’র কঠোর হুঁশিয়ারি

তবে এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বলছে ভিন্ন কথা। বাহিনীর ভাষ্য, বিএসএফের গুলিতে সাদিকুরের মৃত্যু হয়নি। তার লাশটি পাওয়া গেছে সীমান্তের ফায়ারিং রেঞ্জ থেকে অনেক দূরে।

৫৯-বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে লাশটি পাওয়া গেছে। এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছে। তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

আরও পড়ুন  কর্মকর্তাদের স্বাক্ষর জাল, সতর্ক থাকতে বলল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ