ঢাকা, -

আলোচিত সংবাদ

সাকিব-মাশরাফি ভক্তদের জন্য সুখবর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের দেশে ফেরার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি। তার বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত নথিপত্র সরকারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন তিনি, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইঙ্গিত দেন, রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে-যাতে সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও ক্রিকেটে যুক্ত হতে পারেন।

আরও পড়ুন  চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ভোটাকেন্দ্রের তালিকা প্রকাশ

জানা গেছে, প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সাকিবের আইনজীবীরা সংশ্লিষ্ট মামলাগুলোর নথি প্রস্তুত করেন। সেই কাগজপত্রই সরকারে পাঠিয়েছে বিসিবি, যাতে তার দেশে ফেরা ও ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ সুগম হয়।

সাকিব সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের শেষদিকে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর থেকে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকলেও দেশের হয়ে আর মাঠে নামেননি। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে তাকে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখায় বিসিবি।

আরও পড়ুন  কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

এদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও প্রকাশ্যে সাকিবকে দলে ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে আবার খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। অনেক বছর একসঙ্গে খেলেছি। সামনে যদি তিনি খেলেন, সেটা আমাদের জন্য আনন্দের হবে।

বাংলাদেশ ইতোমধ্যে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। এখন মূল লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। বর্তমানে বাংলাদেশ আছে দশম স্থানে।

আরও পড়ুন  হাটহাজারীতে নতুন এসিল্যান্ড মেহরাজ শারবীন

ডেডলাইনের আগে বাংলাদেশের সামনে রয়েছে ২০ থেকে ২৩টি ওয়ানডে- মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ এবং বাইরে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সফর রয়েছে।

পরিসংখ্যানও সাকিবকে ফেরানোর প্রয়োজনীয়তাকে জোরালো করছে। তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশ ২৫টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র ৭টিতে। হার ১৭ ম্যাচে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

সব মিলিয়ে আইনি জট কাটলে সাকিবের আরেকবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ