- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সাতকানিয়ায় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনের বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজ হোসেনের দুই আপন ভাইকে আটক করেছে সেনা সদস্যরা।

আরও পড়ুন  রামুতে গরু চোরাচালান নিয়ে গোলাগুলিতে নিহত চোরাকারবারি

আটককৃতরা হলেন- ওই এলাকার আবুল হাসেমের দুই পুত্র মো. জুবায়ের করিম (২৮) ও মোহাম্মদ মফিজুর রহমান (৩৫)। তারা দুজনেই ছাত্রদল নেতা ফিরোজ হোসেনের ভাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় কিছুদিন ধরে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ওই এলাকায় গোপন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যের সত্যতা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে ফিরোজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন  নোয়াপাড়া আমির মার্কেটে আগুন

সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।