গাজা ও লেবাননের পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল।
রবিবার (৯ এপ্রিল) ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা চালায়।
তাদের দাবি, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার জবাবে তারা পাল্টা হামলা শুরু করে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় চলমান সহিংসতার মধ্যে রবিবার এ আন্তঃসীমান্ত হামলা চালানো হয়।
যদিও এ বিষয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট নিক্ষেপ করা হয়। প্রথম রাউন্ডে তিনটি রকেট ছিল, যার একটি ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে আঘাত হানে। দ্বিতীয় রাউন্ডেও তিনটি রকেট ছিল; যা আঘাত হানে উত্তর ইসরায়েলের দিকে। সে সময় সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়। তবে এসব রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরিয়ার রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা গোলাবারুদ ও ড্রোন হামলা চালায় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, রকেট উৎক্ষেপণের দায় স্বীকার করেছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।
সম্প্রতি আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের অভিযানের পর উত্তেজনা বেড়ে যায় পুরো অঞ্চলে। তারই অংশ হিসেবে রকেট হামলা চালায় সিরিয়া। এর আগে লেবানন থেকেও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলে।
তবে এর পাল্টা জবাবে গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীও।
সূত্র- আলজাজিরা