আসছে ২৮ জুন সৌদি আরবে ঈদ-উল- আযহা উদযাপিত হবে।
রবিবার (১৮ জুন) সৌদি আরবের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৮ জুন ঈদ-উল- আযহা উদযাপিত হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস বা হজ্ব অনুষ্ঠিত হবে ও ২৮ জুন উদযাপিত হবে ঈদ-উল- আযহা।
এর আগে ঈদ-উল-আযহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে।
রবিবার জিলহজ্ব মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল- আযহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একই দিন ঈদ-উল- আযহা উদযাপিত হবে।
অপরদিকে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি মাসের ২৯ তারিখ ইন্দোনেশিয়ায় ঈদ-উল- আযহা উদযাপিত হবে।
হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে পালিত হয়ে থাকে ঈদ-উল- আযহা।
এদিকে, পবিত্র ঈদ-উল- আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।