শপথ নেওয়ার পরদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার কিছু আগে তারা শ্রদ্ধা নিবেদন করেন। তার আগে হেলিকপ্টারে করে সাভার পৌঁছান ড. ইউনূস।
প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অন্য উপদেষ্টারা।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুন সুর। শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে রাখা শোকবইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধ থেকে তার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে।
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাষ্ট্র পরিচালনায় বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।