চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় দীঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে ওই এলাকার নুরুল আলমের ফার্নিচার দোকান এবং বাছা মিয়ার চায়ের দোকান পুড়ে গেছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের অনেক দোকান রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।