- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাতে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ৫ নম্বর ওয়ার্ডস্থ মা ম্যানশন নামের একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ফটিকা এলাকার মা ম্যানশন নামের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন মুন্নি। বুধবার রাতে দীর্ঘ সময় ধরে তার কক্ষের দরজা বন্ধ থাকলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয় পরিবারের সদস্য ও স্থানীয়দের। পরে তারা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন  টাইগার পাস এলাকার তালাবদ্ধ ঘর থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই জমির ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মুন্নিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

এদিকে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি নিহতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন  বিয়ের জন্য ছেলের হাতে মা খুন

তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

হাটহাজারী মডেল থানার পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।