চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও পথচারীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ১৯ জন আহত হয়েছেন।
রবিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাটে এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ১১টায় উপজেলার কাটিরহাট এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীসহ ১৯ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর গাড়িটি খাগড়াছড়ির দিকে থেকে এসে হঠাৎ ব্রেক ফেইল হলে সামনে থাকা ৩-৪টি অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় পথচারীরা অনেকে আহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা এক সেনা কর্মকর্তা জানান, আহত ১৯ জনকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।














