- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীর চিকনদন্ডী ইউপি উপনির্বাচনে সংঘাতের আশংকা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের আসছে রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে লালিয়ারহাট মাঝিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোয়েন্দা তথ্য বলছে ভোট গ্রহণের দিন পরিস্থিতি আরও সংঘাতময় হতে পারে।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইয়ে থাকতে পারেন চার প্রার্থী। তারা হলেন চশমা প্রতীকের জহুরুল আলম, দুটি পাতা প্রতীকের নুরুল আফসার এবং রজনীগন্ধা প্রতীকের হাজি নেজাম উদ্দিন তনি, ঢোল প্রতীকের হাজি মো. হেলাল।

আরও পড়ুন  অবৈধ পথে ভারতীয় অভিবাসীরা কানাডা হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

গোয়েন্দা সূত্রের দাবি, ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই মধ্য এবং দক্ষিণ চিকনদন্ডী এলাকার বাসিন্দা। উত্তর চিকনদন্ডী এলাকার একমাত্র প্রার্থী ঢোল প্রতীকের হাজি মো. হেলাল। ফতেয়াবাদ, ছড়ারকুল ও নেহালপুর এলাকায় তনিকে জেতাতে কাজ করছে সরকারি দলের স্থানীয় প্রভাবশালী এক নেতা। একই এলাকার এক ইউপি সদস্য কাজ করছেন দুটি পাতা প্রতীকের নুরুল আফসারের পক্ষে। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এই দুটি পক্ষ এখন মুখোমুখি অবস্থানে। ভোটগ্রহণের দিন ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দুটি পক্ষের মধ্যে সংঘাত-সহিংসতা হতে পারে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় ডোবা থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

অন্যদিকে, খন্দকিয়া ছমদিয়া স্কুল ভোটকেন্দ্রেও গোলযোগ হতে পারে বলে আভাস দিয়েছে গোয়েন্দা সূত্রগুলো।

তবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছে। কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমকর্তা ওরান্টু চাকমা হাজি নেজাম উদ্দিন তনির বিরুদ্ধে সাতজন প্রার্থীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ভোটগ্রহণের দিন সংঘাত বা সহিংসতার আশঙ্কা আছে কি না সে বিষয়ে মন্তব্য করতে পারব না। তবে আমরা চাই একটা সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। প্রার্থীরা তো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন  কাশ্মীর পেহেলগাম হামলায় অভিযুক্ত গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

জানা গেছে, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগ সমর্থিত। বাকি পাঁচজনের মধ্যে দুজন জাতীয় পার্টি, দুজন বিএনপি সমর্থিত এবং একজন স্বতন্ত্র।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অসুস্থ হয়ে মারা যান এই ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। পরে গত ১১ মার্চ এই ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইউনিয়নটিতে মোট ভোটার ৩৯ হাজার ৮৯৬ জন।