বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু-মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে আমরা যদি একসাথে এগিয়ে যায় তাহলে আমাদের কেউ আটকাতে পারবেনা। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাইতে পারব না।
শনিবার (৩১ জানুয়ারি)দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই। আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করব না।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কাঠ প্রদান করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে, যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।
তিনি বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কারো কাছ থেকে এক কাপ চা-ও গ্রহণ করিনি।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছেন।