যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ৪ দিনের সফরে ঢাকায় এসেছেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন- মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দিল্লি থেকে তারা ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি আসন্ন সংসদ নির্বাচন পরিস্থিতি, মানবাধিকার, রোহিঙ্গা, শ্রম অধিকার ও বাণিজ্য বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।
আগামীকাল বুধবার (১২ জুলাই) রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজারে যাবে প্রতিনিধিদলটি। এরপর দলটি বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজ, নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবে মার্কিন প্রতিনিধিদল।