মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট।
শুক্রবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট আট দফা দাবি জানিয়েছে তারা।
শুক্রবার দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার-প্লাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। সাড়ে তিনটার দিকে শঙ্খ বাঁজিয়ে সমাবেশ শুরু করা হয়।
এসময় বক্তারা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, দুর্গাপূজায় পাঁচ দিন ছুটিসহ নানা দাবি তুলে ধরেন।

১) সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্যে ‘নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের মাধ্যমে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল’ গঠনপুর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
২) অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
৩) সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৪) হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫) দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রনয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৬) সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্যে উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।
৭) সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে।
৮) শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে। প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।
