ফেনী শহরের অদূরে লালপোলে অবরোধ চলাকালে একটি চিনিবোঝাই ট্রাক পোড়ানোর মামলায় যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. হায়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
টিপু সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা কমিটির সদস্য।
এসআই মো. হায়াত উল্যাহ বলেন, গ্রেপ্তার টিপুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন জানান, টিপু উপজেলা যুবলীগের কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে আছেন। তবে তাকে গ্রেপ্তারের খবর তিনি জানেন না বলে জানান।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাক ভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ। ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে অন্যান্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার দিন রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদী হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা রুজু করেন। তার দাবি, আগুন দেওয়ার ঘটনায় যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।














