বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ষষ্ঠ দফা অবরোধের প্রথম রাতে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেটের ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর টিটব শিকদার জানান, এসি বগির ভেতরের ১৭টি সিট সম্পূর্ণ পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছিলো তা তদন্তের পর জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেসে এ আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটির সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিলো। কিন্তু এর আগে সাড়ে ৯টার দিকে একটি বগিতে আগুন দেখতে পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এছাড়া তাৎক্ষণিক অন্য বগিগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
সিলেট রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে বিরোধী দলের আন্দোলনের সাথে যুক্ত এমন কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।














