আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানান।
আমির হোসেন আমু বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টি, আরেক শরিক হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ৩টি আসন দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টিকে (জেপি) ১টি আসন ছাড়া হয়েছে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।
আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন, ফজলে হোসেন বাদশা (ওয়ার্কাস পার্টি) রাজশাহী-২ এবং সাতক্ষীরা-১ আসন থেকে মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নেবেন ।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু (জাসদ) কুষ্টিয়া-২ আসন থেকে, লক্ষীপুর-৪ আসন থেকে মোশারফ হোসেন (জাসদ) এবং বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন নির্বাচনে অংশ নেবেন।
এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
জোট সঙ্গী তরিকত ফেডারেশনকে এবার আসন দেওয়া হয়নি। তবে শরিক দলগুলোর স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহারের দাবি রাখেনি আওয়ামী লীগ। নৌকা প্রতীকে নির্বাচন করলেও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ভোট যুদ্ধ থেকেই যাচ্ছে।
তরিকত ফেডারেশনকে এবার কোনও আসন না দিয়ে ওই আসনটি নজিবুল বশর মাইজভাণ্ডারির ভাতিজা চট্রগ্রাম-২ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ভয়েস অফ এশিয়াকে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থাশীল। এখনও দুই দিন সময় আছে, দেখা যাক।














