দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি (জাপা)কে চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন ছেড়ে দিয়েছে। এ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বর্তমানে এ আসনে টানা ৩বার সংসদ সদস্য। আসন সমঝোতায় এবারও তিনি জোটের মনোনয়ন পেয়েছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শেরশাহ চত্বর থেকে হাটহাজারী-বায়েজিদ আংশিক অংশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন এ বর্ষীয়ান সাংসদ।
এসময় দলীয় নেতা-কর্মীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের প্রভাবশালী সদস্য ইউনুচ গণি চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ।
প্রসঙ্গত, গত শনিবার রাতে দুই দলের বৈঠকে আসনটি চূড়ান্ত হয়। এরপর এই আসনে দলীয় প্রার্থীকে সিদ্ধান্তটি জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেন। জোটভুক্ত প্রার্থী থাকার কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী পরে গতকাল দুপুরে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম।














