জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ। এর মধ্য মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও ছাত্রজনতা হাজির হচ্ছেন। ক্রমেই ভিড় বাড়ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে। তরুণদের নিয়ে গড়া নতুন দলের বিষয়ে সবার দৃষ্টি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। ১০ পদে কারা থাকবেন, তা-ও ঠিক হয়েছে এর মধ্যে। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আজ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেরিকেডসহ স্টেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা রয়েছে। ভিআইপিদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
জানা গেছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।














