করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে তিনি নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
বুধবার (১১ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি করোনা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়র।
তিনি বলেন, আমরা সবাই মিলে করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগের মতো এবারও সফল হতে পারব। ইতোমধ্যে চট্টগ্রামে তিনজন রোগী শনাক্ত হয়েছেন। তারা কেউ বিদেশফেরত নন, ঢাকার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সংক্রমিত হয়েছেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, স্থানীয় সংক্রমণের ঝুঁকি রয়েছে।
মেয়র জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা রাখা হবে। নগরীর বিভিন্ন পয়েন্টে এবং চসিক পরিচালিত মেমন-২ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যাবে।
এছাড়া, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও মেমন-২ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, গতবারের অভিজ্ঞতা এবার আমাদের আরও প্রস্তুত করেছে। চিকিৎসকরা এখন বেশি সাহসী ও অভিজ্ঞ। প্রয়োজন হলে চমেক হাসপাতালে কোভিড রোগীর জন্য দ্রুত সেবা নিশ্চিত করা হবে। বিআইটিআইডি, মেমন-২ হাসপাতালসহ সবখানেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
করোনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি করোনা সার্ভিস সেন্টার চালুর ঘোষণাও দেন তিনি, যেখানে নাগরিকরা ফোন করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মেয়র বলেন, গতবার কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, ভ্যাকসিন ও কিট নিয়ে বাণিজ্য করেছিল। এবার আমরা আরও কঠোর হবো। জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দল মাঠে থাকবে, চসিক ম্যাজিস্ট্রেটরাও অভিযান চালাবে।
সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন এবং চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।














