চট্টগ্রামে বৃদ্ধা মা জাহানারা বেগমকে খুনের চেষ্টার ঘটনায় ছেলে মো. ফারুক ও পুত্রবধূ সুমাইরা আক্তার সুমির বিরুদ্ধে মামলা করেছেন নিজেই।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মা।
আদালত শুনানি শেষে মায়ের আর্জি এজাহার হিসেবে গ্রহণ করতে কর্ণফুলী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী আমিনুল আহসান বলেন, ছেলে ও পুত্রবধূর মারধরে মা গুরুতর আহত হন। তার মাথা ও কপালে ১৭টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলার আবেদন করলে জাহানারা বেগমের জবানবন্দি গ্রহণ করে কর্ণফুলী থানার ওসিকে এজাহার গ্রহণ করার নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জাহানারা বেগমকে মারধর করেন তার ছেলে ও তার স্ত্রী। ছেলে ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মাথা ও কপালে ১৭টি সেলাই দিতে হয়েছে। ইট দিয়ে আঘাতের সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করে। প্রতিবেশীরা না আসলে প্রাণে বাঁচতেন না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুধবার কর্ণফুলী থানায় মামলা করতে গেলেও থানা মামলা গ্রহণ করেননি। তাই আদালতে মামলা করেছেন।














