ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি শঙ্কা এবং আফটার শকের সতর্কতা দেওয়া হয়েছে।
দেশটির প্রধান শহর ম্যানিলা থেকে তিন ঘণ্টার দূরত্বে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর পরপরই রাজধানীর কিছু জায়গায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি সাগরের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং আশপাশের প্রদেশে এটি অনুভূত হয়।’
এদিকে, ভূমিকম্পের কারণে দেশটিতে তিনটি এলিভেটেড রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। সেই সঙ্গে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল।
সাগরের যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কাতাগান। শহরটির মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র- রয়টার্স।














