সৌদি আরবের জেদ্দায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপদূতাবাস ভবনের সামনে বন্দুকধারী এক ব্যক্তির সঙ্গে গুলিবিনিময়ে নেপালি নিরাপত্তা কর্মী এবং বন্দুকধারী নিজেই নিহত হয়েছেন।
বুধবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।
এসপিএ জানায়, বন্দুকধারী ব্যক্তি উপদূতাবাস ভবনের কাছে একটি গাড়ি থামান এবং একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হন। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে গুলি বিনিময় শুরু হয়।
মক্কা অঞ্চল পুলিশের একজন মুখপাত্র বলেছেন, একটি গাড়িতে থাকা ব্যক্তি জেদ্দা গভর্নরেটের আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে থামে এবং তার হাতে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। নিরাপত্তা কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তাকে মোকাবেলা করার উদ্যোগ নেয় এবং গোলাগুলির ফলে তার মৃত্যু হয়।
মক্কা আঞ্চলিক পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।














