জামালপুরের ইসলামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী রৌহারকান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে এবং ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষক ও একটি মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির আঙিনায় পানি জমে যায়। সেই পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী রফিকুল ইসলাম দুখু ও তার লোকজন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর ওপর হামলা চালায়।
হামলাকারীদের পিটুনিতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী। পরে তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. সেজুতি শারমিন সারা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর ছেলে মো. আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, হামলায় গুরুতর আহত তার বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষ রফিকুল ইসলাম দুখু মিয়া ও তার লোকজন বাধা দিয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানায় পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।














