ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৭ মে) ভোর ৫টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
রবিবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এর আগে এদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় বিমানবন্দরটিতে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।
মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী বিপদসংকেত ৬ থেকে মহাবিপদ সংকেত ৯-এ উন্নীত হয়েছে। এ কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারফিল্ড ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।















