ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ছোটকমলদহ ডাকঘর এলাকায় মহাসড়ক রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবার) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ডাকঘরের ভাঙ্গারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিনা উপজেলার হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড়ের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় একটি লরি গাড়ি আটক করেছে কুমিরা হাইওয়ে পুলিশ।
হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ট শহিদুল ইসলাম জানান, তানজিনা আক্তার নামে আমাদের এক শিক্ষার্থী মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় একটি লরি গাড়ি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকাল সাড়ে ৯টা ছোটকমলদহ ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একটি লরি আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।














