রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী নয় রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটছে। কে বা কারা করছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু যদি গণভোটে ‘না’ জয়যুক্ত হয়, তাহলে দেশে পুরোনো পদ্ধতিই বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণার ‘ক্যারাভ্যান’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।














