চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন মাটির নিচে চাপা পড়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক।
এনামুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।
স্থানীয়রা জানান, বৃষ্টি না হলেও পাহাড় কাটার কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।














