চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোহাম্মদ শাহেদুল ইসলাম (২৫) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সে পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার এক পর্যায়ে কলেজ ছাত্রকে ব্রীজের নিচে ফেলে দেয় সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আশিয়া-বাথুয়া ব্রীজ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেনা-পাওনার জের ধরে পরিকল্পিতভাবে পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো শাহেদকে ছুরিকাঘাতে খুন করা হয়। রাতে বাথুয়া ব্রীজ এলাকায় একা পেয়ে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে ছুরিকাঘাত করে। কলেজ ছাত্রের চিৎকারে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, দেনা পাওনার জের ধরে কলেজ ছাত্র শাহেদুলকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রের্কডের প্রক্রিয়া চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।














