ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতে প্রান হারালেন চাচা-ভাতিজা।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা থানা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সোহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)। সম্পর্কে তারা চাচা ভাতিজা।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাচ্ছিল। তা দেখে সোহেল ও রাজিব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।














