চট্টগ্রামের অনন্যা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের পাশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন।
শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৩ টার সময় ভেল্লা বাপের বাড়ীর কাছে অক্সিজেন-কুয়াইশ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারি মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ইসরাত হোসেন আলভী (১৭) স্থানীয় বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া ৩নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার (নুর আহম্মদ কোম্পানীর বাড়ী) প্রবাসী ইকবাল হোসেনের ছেলে।
আহত আশরাফুল আলম (১৪) একই এলাকার হাজী পাড়ার (জাফর মিস্ত্রীর বাড়ী) প্রবাসী মো. শাহজাহানের ছেলে।
১৪নং শিকারপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম জানান, ছোট ছেলে দুটি বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। গতিরোধক খেয়াল করতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। লোকজন এসে পাশ্ববর্তী এভার কয়ার হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আশরাফুলের অবস্থাও আশংকাজনক বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন ভয়েস অফ এশিয়াকে বলেন, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। এতে করে স্পীড ব্রেকারের সামনে বাইক নিয়ন্ত্রন করতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।














