বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি অন্তঃসত্ত্বাই নন, সারোগেসির মাধ্যমে বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা, এমনটা চাউর হয়েছিল মিডিয়াপাড়ায়। এতোদিন গুজব নিয়ে অবশ্য মুখ খোলেননি হবু বাবা-মা কিন্তু ভোটের আবহে স্পষ্ট হয়ে গেল সবটা।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায় রণবীরকে।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। বর রণবীরের হাত ধরে এদিন মুম্বাইয়ের পালি হিলে ভোটদান করতে পৌঁছেছিলেন হবু মা। সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলল দীপিকার। ঢিলে ঢালা পোশাকেও স্পষ্ট নায়িকার বেবিবাম্প।
আর কোনও জল্পনার জায়গাই নেই, যে দীপিকা সন্তান প্রসব করতে চলেছেন আগামী সেপ্টেম্বরে। বউয়ের সঙ্গে এদিন নিজেকে মিলিয়েছেন রণবীর। তারও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দুজনের চোখে ছিল কালো রোদচশমা। গাড়ি থেকে নেমে স্ত্রীর জন্য দরজা খুলতে পৌঁছান জেন্টলম্যান রণবীর। এরপর বউকে মিডিয়ার ভিড় থেকে আগলে পৌঁছান ভোদদান কেন্দ্রে। হাঁটতে খানিক অসুবিধা হচ্ছিল দীপিকার। বরের হাত ছাড়লেন না নায়িকা, মুখের হাসি ছিল অটুট। ফ্যানেরা খুশিতে ডগমগ এই ভিডিও দেখে।
একজন লেখেন, কোথায় গেল সেইসব লোকজন যারা বলছিল দীপিকা নাকি নিজে প্রেগন্যান্ট নয়। আরেকজন লেখেন, আদর্শ দম্পতি, কারোর নজর যেন না লাগে। ভোট দিয়ে বেরোনোর সময় নিজের বেবি বাম্পে আলতো করে হাত রাখতে দেখা গেল দীপিকাকে।
ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। আগামী সেপ্টেম্বরে সন্তান হওয়ার কথা।
তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস















