চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশ সড়কের পুরাতন বরকল ব্রিজ দিয়ে বালুবোঝাই মিনিট্রাক পারাপারের সময় ব্রীজটি ট্রাকসহ ভেঙে পড়ে। এই ঘটনায় চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার( ২৩ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে এক কোটি টাকা ব্যয়ে এই বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। ২০২২ সালে বেইলি সেতুটির পাশে নির্মাণ হয় আরও একটি ২৮ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক পিসি গার্ডার বিশিষ্ট নতুন সেতু। পুরাতন সেতুটি পরিত্যক্ত হলেও অনেকেই এই সেতু দিয়ে পারাপার করতেন। আজ একটি মিনি ট্রাক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
সোহাগ নামের এক ট্রাক চালক বালু বোঝাই করে পুরাতন ব্রিজ দিয়ে পারাপারের সময় হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। বালু বোঝাই ট্রাকটি খালে পড়ে যায়। এতে ট্রাক চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যান চলাচল বন্ধ করে দেয়। বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল চালু করা হয়েছে।














