পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের একটি কেসি- ১৩৫ রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় পড়েছে। ঘটনাটি ঘটেছে ‘অপারেশন এপিক ফিউরি’- এর সময় বন্ধুত্বপূর্ণ আকাশসীমার ভেতরে।
তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় দুটি বিমান জড়িত থাকতে পারে। এরমধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করেছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা বন্ধুসুলভ গুলির (ফ্রেন্ডলি ফায়ার) কারণে ঘটেনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, চলমান অভিযানে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এর মধ্যেই গত ১ মার্চ আরেক ঘটনায় তিনটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়। তবে ওই ঘটনায় বিমানগুলোর ছয়জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই দেশটির ভেতরে যুদ্ধবিরোধী মনোভাবও দেখা যাচ্ছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটিই প্রথম সংঘাত যেখানে শুরু থেকেই জনসমর্থন তুলনামূলক কম।
তথ্যসূত্র- আল জাজিরা














