কক্সবাজারে মাইক্রোবাস ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে এক অটোরিকশার যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের লাবনী পয়েন্টের ইউএন এইচ সি আর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে।
আহতরা হলেন- সালাউদ্দিন (৩০), রুবেল তালুকদার (৩৫), আতিকুর রহমান (৩৮), আলম রায়হান (৩৫) মশিউর রহমান (৩০)। তারা সবাই অটোরিকশা দুটির যাত্রী ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি মাইক্রোবাস এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় বিপরীত দিকে শহর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আসা আরও একটি অটোরিকশার সঙ্গে এর ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।














