চট্টগ্রামে এবার খাবারে পোড়া তেল, মেয়াদোর্ত্তীণ মসলা ও নোংরা পরিবেশের দায়ে নগরীর জিইসি মোড়ের কাচ্চি ডাইনসহ আরও ৫ হোটেলকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৪ মার্চ) বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান।
বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিদর্শক জিল্লুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে পোড়া তেল, মেয়াদোর্ত্তীণ মসলা ব্যবহারের দায়ে জিইসি মোড়ের কাচ্চি ডাইনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার এশিয়ান কাবাবকেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জিল্লুর রহমান জানান, পৃথক অভিযানে আতুরার ডিপো এলাকার আল মক্কা হোটেল এন্ড রেস্তোরাঁয় দধি তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশের বাগদাদ হোটেল এন্ড বিরানি হাউসকেও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অপরাধে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, একই অপরাধে খাবার মেলা রেস্তোরাঁ এন্ড বিরানি হাউসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- চট্রগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, ফিল্ড পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী নুর এ আলম মো. ফিরোজ, ফিল্ড অফিসার ( সিএম) ও প্রকৌশলী সজীব চৌধুরী প্রমুখ।
রমজানকে সামনে রেখে এ ধরনের অভিযান চলমান থাকবে জানিয়েছেন র্যাব।














