চট্টগ্রামে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষের ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজের ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, একই উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। সকাল ৭টা ৩৫ মিনিটে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম বলেন, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।














