স্কুলের কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সানজিদা আক্তারের (১৫)। মহাসড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।
শুক্রবার (৭ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির।
নিহত সানজিদা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরী পাড়া এলাকার সরোয়ার উদ্দিন বাবুলের কন্যা। সে বাড়বকুণ্ড সিসিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকাল ২টায় বিদ্যালয় থেকে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সানজিদা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে উল্টো দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে মাথায় প্রচণ্ড আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় সানজিদা। এ সময় তাকে উদ্ধার করে নগরীর বেসরকারি মেরিনসিটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আহতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। তবে তাতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
কুমিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।














