চট্টগ্রামে ডাক পরিবহনের একটি গাড়িতে (কাভার্ডভ্যান) বালি পরিবহনের এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাক বিভাগের কাপ্তাই রোডে চলাচলকারী গাড়িতে বালি পরিবহনের ঘটনা ধরা পড়ার পর এই চাঞ্চল্য সৃষ্টি হয়।
চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) একটি ডাক পরিবহনের (কাভার্ডভ্যান) চালক আশরাফুল ইসলাম অবৈধভাবে বালু পরিবহন করেছেন।
সূত্র জানায়, চট্টগ্রাম ডিভিশন অফিসের আওতাধীন চট্টগ্রাম-কাপ্তাই লাইনে ডাক পরিবহন করে ঢাকামেট্রো ঠ ১৪-০৯২৮ নম্বরের একটি গাড়ি। এই গাড়ির চালক ডাক বিভাগের কর্মচারী আশরাফুল ইসলাম।
ওই গাড়িতে করে চট্টগ্রাম-কাপ্তাই লাইনে দেশ-বিদেশের মূল্যবান ডকুমেন্ট, পার্সেল, এমনকি টাকা-পয়সা পরিবহন করার কথা। ডাক পরিবহনের ওই গাড়িতে রয়েছে টাকা রাখার বিশেষায়িত একটি ভল্টও। কিন্তু গত শুক্রবার রাতে ওই গাড়িতে বালি পরিবহন করার ঘটনা ঘটে। ডাক পরিবহনের গাড়িতে বালি পরিবহন করতে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ডাক বিভাগের গাড়িতে বালি পরিবহনের কোন সুযোগ নেই। ছুটির পরে এসব গাড়ি জিপিওর নিয়ন্ত্রণে গ্যারেজে থাকে।
চট্টগ্রাম জিপিও’র একাধিক কর্মকর্তা জানিয়েছেন তারা বিষয়টি সিনিয়র পোস্ট মাস্টার মো. মহসিন উদ্দিনকে জানালে তিনি পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চলকে বিষয়টি অবহিত করেন।
ড্রাইভার আশরাফুল ইসলামের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বালুভর্তি গাড়িটির একাধিক ছবি বিভিন্ন গণমাধ্যমের হাতে রয়েছে।














