চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় মামলা করা ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ফিরোজ খান দলটির চট্টগ্রাম ৫নং মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শুক্রবার (১ নভেম্বর) চান্দগাঁও থানা কমিটির সভাপতি মোহাম্মদ আজম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরিত একটি পত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
ফিরোজ খানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
চিঠিটির অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমানকেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ। আজ শুক্রবার বিকেলে আবারও চেরাগী পাহাড় চত্বরে সনাতনীরা বিক্ষোভ সমাবেশ করেছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে।














